June 27, 2026, 8:42 am

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

  • Update Time : Saturday, September 20, 2025

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে মেক্সিকো স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়।

ঘটনাটি ঘটে বুধবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে, রাজধানীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ইজতাপালাপার একটি ব্যস্ত সড়কে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ৫০ হাজার লিটার এলপিজি বোঝাই ট্রাকটি সড়কের পাশের একটি সীমানা দেওয়ালে ধাক্কা খেলে সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশে থাকা কমপক্ষে ৩০টি যানবাহন দগ্ধ হয়। নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ১১ জন শিশু রয়েছে। গুরুতর দগ্ধ এক দুই বছরের শিশুকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসের গ্যালভেস্টনের একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিতেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের টিম কাজ শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com