June 27, 2026, 6:49 am

অবৈধ সম্পদের মামলায় ঠিকাদার মিঠুর ৫ দিনের রিমান্ড

  • Update Time : Saturday, September 20, 2025

জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৭৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ রিমান্ড মঞ্জুর করেন। আদালতে হাজির করে দুদক ১০ দিনের রিমান্ড চাইলেও, শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, ১০ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে মিঠুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে ১৮ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, মিঠুর মালিকানাধীন লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেট নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ৫৭ কোটি টাকার অস্থাবর সম্পদ অর্জন করেন তিনি। সব মিলিয়ে তার অবৈধ সম্পদের পরিমাণ প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা।

এছাড়া, অনুসন্ধানে দেখা গেছে, তার পারিবারিক ব্যয়সহ মোট সম্পদের হিসাব ১৪৭ কোটি ৩০ লাখ টাকা, যেখানে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ৭১ কোটি ৪৯ লাখ টাকা। বাকি অর্থের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি। দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে পানামা পেপারসে মিঠুর নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, তিনি সরকারি বিভিন্ন সরবরাহ ও উন্নয়নকাজে প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com