ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার দিনভর এই নির্দেশনা কার্যকর থাকবে।
সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিংয়ে ডাইভারশন (বিকল্প পথ) ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব পয়েন্ট দিয়ে সাধারণ যানবাহনের প্রবেশ সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে।
ডিএমপি জানায়, ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহনসমূহকে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে। তবে জরুরি পরিষেবার যানবাহন ও অ্যাম্বুলেন্স এই নিয়ন্ত্রণের আওতার বাইরে থাকবে।
এ ছাড়া, ডিএমপি নগরবাসী, চালক ও যাত্রীদের উল্লিখিত ক্রসিং এবং আশপাশের এলাকা যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে সবার সহযোগিতাও কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।