June 27, 2026, 6:12 am

ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী

  • Update Time : Monday, September 8, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। এর আগেও সেনাবাহিনী বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।”

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এ ধরনের বিভ্রান্তিকর গুজব ও অপপ্রচার শুধুমাত্র “স্থিতিশীল পরিবেশ বিনষ্টের অপচেষ্টা”, যা নির্বাচনের স্বাভাবিক ধারাকে ব্যাহত করতে পারে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এরপর ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু এবং ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, “দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং তা একটি গণতান্ত্রিক উদাহরণ হিসেবে পরিণত হয়—এমনটাই প্রত্যাশা করে বাংলাদেশ সেনাবাহিনী।”

বিবৃতির শেষে নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সফলতার কামনা জানানো হয়।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com