June 27, 2026, 6:48 am

ডাকসু নির্বাচন : আপিল বিভাগে শুনানি বুধবার

  • Update Time : Tuesday, September 2, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ আপাতত বুধবার পর্যন্ত স্থগিত থাকবে। পাশাপাশি এই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আপিলের শুনানি আগামী বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। শুনানিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট এক আদেশে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন।

তবে হাইকোর্টের এ আদেশের পরদিনই চেম্বার আদালতে তাৎক্ষণিকভাবে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ বুধবার পর্যন্ত স্থগিত করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ আপিল দায়ের করতে বলেন।

এদিকে হাইকোর্টের আদেশে রিটকারী বিএম ফাহমিদা আলমকে আগামী ১৫ দিনের মধ্যে এস এম ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে বামজোট মনোনীত প্রার্থী।

রিটে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা হয়, যিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

এই শুনানি ও রায়ের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন ঘিরে চলমান আইনি বিতর্কের একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com