June 27, 2026, 3:59 am

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম ইকবাল

  • Update Time : Monday, June 8, 2026

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।রোববার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচনের পর সভাপতি পদে তার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির শীর্ষ দায়িত্ব লাভ করেন।

মিরপুরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার পর তামিমকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়। একই সঙ্গে আবাহনী লিমিটেডের কাউন্সিলর ফাহিম সিনহা বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

ঢাকাভিত্তিক ক্লাব কাউন্সিলরদের নিয়ে গঠিত ক্যাটাগরি-২ থেকে ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। মোট ৭৬ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়ে সবার শীর্ষে অবস্থান করেন তামিম। এই ক্যাটাগরি থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের মাধ্যমে বিসিবির নতুন ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। তবে আগের নির্বাচনের মতো এবারও নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রভাবের অভিযোগ আলোচনায় এসেছে।

ক্যাটাগরি-২ নির্বাচনে সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট। জাতীয় ক্রীড়া পরিষদ কোটার পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ফাহিম সিনহা ও শানিয়ান তানিম ৬৬ ভোট করে পেয়েছেন। সাকিব আহমেদ সালাম ৬৫, আসিফ রব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, মো. রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শেখ মোহাম্মদ রুহুল আমিন এবং মোহাম্মদ সরফরাজ আহমেদ।

অন্যদিকে নির্বাচনে পরাজিত হয়েছেন সৈয়দ বোরহানুল হোসেন, মোহাম্মদ আমজাদ হোসেন, ফাইয়াজুর রহমান এবং মেজর ইমরোজ আহমেদ। তারা যথাক্রমে ৪০, ৩২, ২৩ ও ২০ ভোট পেয়েছেন।

বিভাগীয় প্রতিনিধি নির্বাচনে খুলনা বিভাগ থেকে মোহাম্মদ শফিকুল আলম ও শান্তনু ইসলাম ১০ ভোট করে পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগ থেকে সাত ভোটের মধ্যে পাঁচ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান।

এর আগে ভোটগ্রহণ ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন আরও আটজন। তারা হলেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী, সৈয়দ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, মীর শাকরুল আলম সিমান্ত, মির্জা ফয়সাল আমিন, আবদুল কাইয়ুম চৌধুরী এবং সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবালের বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন ক্রিকেট সংশ্লিষ্ট মহলের নজর থাকবে তার নেতৃত্বে দেশের ক্রিকেটের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগগুলোর দিকে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com