June 27, 2026, 4:13 am

সৌদিতে এক সপ্তাহে ৭,৭৬০ অবৈধ প্রবাসী গ্রেপ্তার

  • Update Time : Monday, June 8, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে মাত্র সাত দিনের ব্যবধানে ৭ হাজার ৭৬০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট শনিবার এ তথ্য প্রকাশ করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এদিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ ইথিওপিয়ার এবং ২৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ২ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক।

অন্যদিকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভ্রমণ নথি বা আউটপাস সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে তাদের দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। ফ্লাইটের টিকিট চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন আরও ৮৫০ জন।

বর্তমানে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ ও ১ হাজার ৩১৯ জন নারীসহ মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করা, আশ্রয় দেওয়া বা পরিবহন সুবিধা প্রদান করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও জব্দ করা হতে পারে।

মন্ত্রণালয় সাধারণ জনগণকে এ ধরনের অনিয়ম বা অপরাধের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com