June 27, 2026, 4:06 am

ইরানের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত

  • Update Time : Friday, May 29, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ বুশেহরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি গুলি করে নামানো হয় বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ।

বুশেহর জেলার জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি তাসনিমকে বলেন,
“আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংস করার সঙ্গে সম্পর্কিত। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

তবে ভূপাতিত হওয়া ড্রোনটির ধরন, এটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান।

বুশেহর অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর সংলগ্ন এই এলাকায় ইরানের পারমাণবিক স্থাপনাও রয়েছে। অতীতেও সেখানে একাধিকবার ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার ঘটনা ঘটেছে।

এদিকে ড্রোন ভূপাতিতের কয়েক ঘণ্টা আগেই ইরানের দক্ষিণাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তাসনিম নিউজ জানিয়েছে, সামরিক বাহিনী নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার উদ্দেশ্যে ওই মিসাইল উৎক্ষেপণ করেছে। যদিও লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের এই নতুন সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তায়ও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ঘটনার পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com