June 27, 2026, 6:42 am

রহস্যে মোড়া ‘দম’-এর ফার্স্ট লুক: নিশো, চঞ্চল ও পূজা চেরী ভিন্নরূপে হাজির

  • Update Time : Monday, March 9, 2026

বিনোদন ডেস্ক:

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রকাশ পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘দম’–এর ফার্স্ট লুক। ৫৪ সেকেন্ডের এই ঝলকে উঠে এসেছে রহস্য, আতঙ্ক আর বেঁচে থাকার সংগ্রামে ভরা এক ভিন্নধর্মী গল্পের আভাস।

ফার্স্ট লুকের শুরুতেই দেখা যায় সূর্যোদয়ের কোমল আলোয় পাহাড়ঘেরা এক মনোরম প্রান্তর। চারপাশে নীরবতা আর প্রকৃতির শান্ত আবহ। কিন্তু সেই শান্ত দৃশ্যের মাঝেই ধীরে ধীরে দৃশ্যপটে হাজির হয় এক নিঃসঙ্গ মানুষ। মুহূর্তেই বদলে যেতে থাকে পরিবেশ—নীরবতার ভেতর ঘনিয়ে আসে অজানা বিপদের ইঙ্গিত।

টিজারের অগ্রগতির সঙ্গে সঙ্গে দেখা যায় আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি এবং বেঁচে থাকার মরিয়া চেষ্টা। এই সবকিছুর মধ্য দিয়ে তৈরি হয় এক তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, যা সিনেমাটির গল্প সম্পর্কে কৌতূহল বাড়িয়ে দেয়।

ফার্স্ট লুকজুড়ে ক্লান্ত, রুগ্ন ও উদ্বিগ্ন চেহারায় দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন শাজাহান ইসলাম নূর চরিত্রে। অন্যদিকে অভিনেত্রী পূজা চেরীকে দেখা গেছে অনিশ্চয়তা ও আতঙ্কভরা অভিব্যক্তিতে। আর চঞ্চল চৌধুরীর মুখেও ধরা পড়েছে বিস্ময় ও আতঙ্কের ছাপ।

সিনেমাটি নিয়ে আফরান নিশো বলেন, ‘দম একটি সারভাইভাল স্টোরি, একই সঙ্গে এটি একটি আবেগঘন গল্প। এমন একটি সিনেমা বানাতেও দম লাগে। আমাদের পুরো টিম সেটা করে দেখিয়েছে। ফার্স্ট লুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমরাও আনন্দিত। আশা করছি সিনেমাটিও সবার ভালো লাগবে।’

এদিকে পূজা চেরী জানিয়েছেন, সিনেমায় তার চরিত্রের নাম রানী। তিনি বলেন, ‘টিজারে শুধু রানীর লুক দেখা গেছে। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে, যার মধ্যে দৃঢ়তা অন্যতম। নূরের জীবনে রানীর প্রভাব কতটা, তা জানতে দর্শকদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। পুরো সিনেমাজুড়েই রানী চরিত্রটি নিজস্ব উপস্থিতি নিয়ে থাকে।’

‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে নির্মিত ‘দম’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com