June 27, 2026, 6:41 am

চাঁদাবাজকে চাঁদাবাজ বললেও মামলা—দেশ সেই পথে যাচ্ছে: নাহিদ ইসলাম

  • Update Time : Monday, March 9, 2026

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে চাঁদাবাজকে চাঁদাবাজ বললেও মানুষের বিরুদ্ধে মামলা হতে পারে।

রোববার সন্ধ্যায় বরিশাল নগরের হালিমা খাতুন বিদ্যালয়ে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে এখনও পুরোনো রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বহাল রয়েছে। তবে হামলা, মামলা ও দমন–পীড়নের মধ্য দিয়েও মানুষ গণঅভ্যুত্থান ঘটিয়েছে—এ কথা ক্ষমতাসীনদের মনে রাখা উচিত।

তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির মাধ্যমে তাদের অনেক প্রার্থীকে পরাজিত করা হয়েছে। এর উদাহরণ হিসেবে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও দিনাজপুরের আহাদের নাম উল্লেখ করেন। একই সঙ্গে ১১ দলীয় জোটের অনেক নেতাকেও নির্বাচনে হারানো হয়েছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ ব্যাংককে ঘিরে ‘মব’ সৃষ্টি করে প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা চলছে এবং ঋণখেলাপিদের সংসদে নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো স্বাধীন প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকার গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন করে একজন দলীয় ও অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার মাধ্যমে জুলাইয়ের গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ মার্চ সংসদের অধিবেশনে সংস্কার পরিষদ গঠন করা না হলে নিজেদের অধিকার রক্ষায় আবারও রাজপথে নামতে হতে পারে।

তিনি বলেন, “আমরা অপেক্ষা করছি। যদি সংস্কার পরিষদ গঠন না করা হয়, তাহলে চাঁদাবাজ, ঋণখেলাপি ও সংস্কারবিরোধীদের বিরুদ্ধে আবারও আন্দোলনে নামতে আমরা প্রস্তুত।”

অনুষ্ঠানে এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com