নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একের পর এক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় বড় ধরনের প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ। গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশপথ বন্ধ করায় ঢাকাগামী ও ঢাকাছাড়া বহু ফ্লাইট বাতিল হয়েছে।
বুধবার (৪ মার্চ) আরও ২৫টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে পাঁচ দিনে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩-এ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুদ্ধপরিস্থিতি ও আকাশপথ বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়। এর সঙ্গে বুধবারের ২৫টি যোগ হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি ও শারজা (সংযুক্ত আরব আমিরাত), সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ফ্লাইট বাতিল থাকবে।
বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিয়মিতভাবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।