নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীদের দমনে ঢাকাসহ সারাদেশে শিগগিরই সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রাজধানী ঢাকা থেকে অভিযান শুরু হলেও তা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে। ইতোমধ্যে চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী ও দাগি আসামিদের একটি নিরপেক্ষ তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকা চূড়ান্ত করে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ রাখা সম্ভব।
সালাহউদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করে জানান, পরিকল্পনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যেই অভিযান শুরু করা হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে আনা হবে।