নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-কে অভিশংসনের মাধ্যমে অপসারণ এবং পরবর্তী সময়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না।’ তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসনের উদ্যোগ নিতে হবে এবং পরবর্তীতে গণহত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করতে হবে।
সম্প্রতি একটি গণমাধ্যমে রাষ্ট্রপতির দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ওই সাক্ষাৎকারের মাধ্যমে রাষ্ট্রপতি তার শপথ লঙ্ঘন করেছেন। তার ভাষ্য, ‘তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন, তা শপথের পরিপন্থী। ফলে কোনোভাবেই তিনি এই পদে থাকার যোগ্য নন।’
রাষ্ট্রপতির পদমর্যাদা ও দায়িত্বের প্রসঙ্গ তুলে এনসিপি আহ্বায়ক বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকস্বরূপ। এ পদে যে সম্মান, সংযম ও ভাবগাম্ভীর্য প্রয়োজন, বর্তমান রাষ্ট্রপতির মধ্যে তা অনুপস্থিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি নানা অভিযোগে তাকে অভিযুক্ত উল্লেখ করে দ্রুত অভিশংসন প্রক্রিয়া শুরুর আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, নতুন সরকারের অন্যতম দায়িত্ব হবে রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুততার সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করা। তবে এ বিষয়ে রাষ্ট্রপতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।