আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয় বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ ফারস নিউজ এজেন্সি-এর প্রচারিত বিবৃতিতে বলা হয়, ‘জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই শাসনের বিমান বাহিনীর প্রধানের সদরদপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’ তবে হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আইআরজিসির দাবি, এ হামলায় খেইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। খেইবারকে ইরানের উন্নতমানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে তাদের সামরিক সক্ষমতার অংশ হিসেবে বারবার আলোচনায় এসেছে।
এদিকে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।