June 27, 2026, 7:18 am

বিএনপির অগ্রাধিকারে সংস্কার, অর্থনীতি ও কর্মসংস্থান

  • Update Time : Friday, February 13, 2026

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে অনুষ্ঠিত বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেন-জিদের নেতৃত্বে সংঘটিত গণ–অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর মাসের পর মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে এই ফলাফল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর নেতৃত্বে বিএনপি প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফিরছে। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানর ছেলে তারেক রহমান শিগগিরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

‘সবার আগে বাংলাদেশ’—ইশতেহারের প্রধান অগ্রাধিকার

ক্ষমতা গ্রহণের পর বিএনপির অগ্রাধিকার তালিকায় যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, তার মধ্যে রয়েছে—

সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার

দলটি ‘জুলাই সনদ’-এর সব দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এর আওতায় নতুন সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন এবং রাজনৈতিক কাঠামোতে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

বাণিজ্য ও শিল্পখাত পুনরুজ্জীবন

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা এবং রপ্তানি খাতে বৈচিত্র্য আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈধভাবে পরিচালিত বিদেশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে নির্ধারিত লভ্যাংশ ৩০ দিনের মধ্যে নিজ দেশে নিতে পারে, সে জন্য নীতিগত ও প্রশাসনিক সহায়তা দেওয়া হবে।

কর্মসংস্থান ও তরুণ উন্নয়ন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে প্রায় ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্যসূচকভিত্তিক মজুরি নিশ্চিত করা এবং প্রতি দুই বছর অন্তর তা পর্যালোচনার ব্যবস্থাও চালু করা হবে।
এছাড়া তরুণদের কারিগরি ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ এবং সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে।

অর্থনৈতিক রূপান্তর

আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু, আঞ্চলিক ই-কমার্স হাব প্রতিষ্ঠা এবং ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাসিক সহায়তা দেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।

স্বাস্থ্যখাতের সম্প্রসারণ

সরকারি স্বাস্থ্যব্যয় পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উদ্যোগ

শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু, দক্ষতা ও মূল্যবোধভিত্তিক নতুন শিক্ষানীতি প্রণয়ন এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এছাড়া সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের জন্য প্রশিক্ষণভিত্তিক কল্যাণ কর্মসূচি বাস্তবায়নের কথাও বলা হয়েছে।

নির্বাচনে বিপুল জয়ের পর বিএনপি নেতারা বলেছেন, “সবার আগে বাংলাদেশ”—এই মূলনীতিকে সামনে রেখে তারা রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো গড়ে তুলতে কাজ করবেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com