নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে পেশাদারিত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সারজিস আলম বলেন, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এখনো যথাযথ সম্মানী ও পেশাগত সুবিধা থেকে বঞ্চিত। এটি কেবল সংশ্লিষ্ট মিডিয়া হাউজগুলোর সীমাবদ্ধতা নয়, বরং রাষ্ট্রীয় নীতিমালা, স্থানীয় উদ্যোগ এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ের ঘাটতির প্রতিফলন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা হলেও এ খাতে কর্মরতদের জন্য এখনো এমন কোনো কাঠামো গড়ে ওঠেনি, যা তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এর ফলে অনেক সময় আর্থিক চাপের কারণে সাংবাদিকদের অনিচ্ছাকৃতভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হতে হয়, যা পেশাগত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটি কার্যকর বেতন কাঠামো ও সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে সরকারি নীতির পাশাপাশি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের সমন্বয়ে এই ব্যবস্থাকে বাস্তবায়নের বিষয়েও সংসদে আলোচনা করবেন বলে জানান।
এ সময় সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকা স্বাভাবিক হলেও সংবাদ পরিবেশন, অনুসন্ধান ও প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা ও পেশাদারিত্বই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। হাতে ক্যামেরা বা মাইক্রোফোন থাকলে তখন ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাংবাদিকতার দায়বদ্ধতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।