June 27, 2026, 6:41 am

অফিস-আদালত ও হাসপাতালের আশপাশে হর্ন বাজানো নিষিদ্ধ, শাস্তির বিধান জারি

  • Update Time : Monday, February 2, 2026

নিজস্ব প্রতিবেদক:

অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ একই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনার ১০০ মিটারের মধ্যে এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব এলাকায় যানবাহনের হর্ন বাজানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত নীরব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাস পর্যন্ত কারাদণ্ড—বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

ডিএমপি জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় এই বিধিমালা কঠোরভাবে কার্যকর করা হবে। সচিবালয়ের চারপাশ, অভ্যন্তরীণ সড়ক ও পার্কিং এলাকায় হর্ন বাজালে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগ তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশেষ সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হবে।

ডিএমপি কর্তৃপক্ষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সব সরকারি ও বেসরকারি যানবাহনের চালকদের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে সচিবালয় এলাকায় কোনো ধরনের হর্ন ব্যবহার না করার জন্য চালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com