June 27, 2026, 6:41 am

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে আইসিসির প্রতিক্রিয়া

  • Update Time : Monday, February 2, 2026

ক্রীড়া প্রতিবেদক:

আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার পর দেশটির সরকার শাহিন আফ্রিদিদের বিশ্বকাপে খেলার ছাড়পত্র দেয়। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যা ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথাও জানায়। বাংলাদেশকে নিয়ে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই অবস্থান নিয়েছে পাকিস্তান বলে জানানো হয়।

এরপর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানায়, পাকিস্তান সরকারের দেওয়া বক্তব্য তারা লক্ষ্য করেছে, যেখানে ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য জাতীয় দলকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইসিসি জানিয়েছে, তারা এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, কোনো ম্যাচ বয়কটের সিদ্ধান্ত একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে প্রতিদ্বন্দ্বিতা করবে—এটাই প্রত্যাশা। সংস্থাটির টুর্নামেন্টগুলো সততা, প্রতিযোগিতা, ধারাবাহিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়, আর ম্যাচ বয়কটের মতো সিদ্ধান্ত প্রতিযোগিতার চেতনা ও পবিত্রতাকে ক্ষুণ্ন করতে পারে।

আইসিসি আরও সতর্ক করে জানায়, জাতীয় নীতির বিষয়ে সদস্য দেশগুলোর সরকারের ভূমিকাকে সম্মান করা হলেও, এ ধরনের সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থ কিংবা পাকিস্তানসহ বিশ্বজুড়ে কোটি ক্রিকেটভক্তের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থাটি মনে করে, এই সিদ্ধান্ত ক্রিকেটের দীর্ঘমেয়াদি ইকোসিস্টেমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেখানে পিসিবি একটি গুরুত্বপূর্ণ সদস্য ও অংশীদার।

সংকট নিরসনে আশাবাদ ব্যক্ত করে আইসিসি জানায়, তাদের প্রধান লক্ষ্য হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করা। এই দায়িত্ব পিসিবিসহ সব সদস্য দেশের। আইসিসি প্রত্যাশা করছে, পিসিবি সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com