June 27, 2026, 7:43 am

পুনর্মূল্যায়নে এপেক্স ট্যানারির জমির মূল্য বেড়েছে ৩২৮ কোটি টাকা

  • Update Time : Monday, January 26, 2026

নিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের প্রতিষ্ঠান এপেক্স ট্যানারি লিমিটেডের জমির পুনর্মূল্যায়নে উল্লেখযোগ্য পরিমাণ মূল্য বৃদ্ধি পেয়েছে। পুনর্মূল্যায়নের ফলে কোম্পানিটির জমির মূল্য প্রায় ৩২৮ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৫ কোটি টাকায়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদের সভায় এম/এস জি কিবরিয়া অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস কর্তৃক প্রস্তুত করা জমি পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর–ডিসেম্বর) সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এই পুনর্মূল্যায়ন সম্পন্ন হয়।

কোম্পানির তথ্যমতে, পুনর্মূল্যায়নের আগে জমির বুক ভ্যালু ছিল ১৬ কোটি ৯৫ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর বর্তমান বাজারমূল্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ কোটি ৬৩ লাখ টাকায়। ফলে জমির মূল্য বৃদ্ধি পেয়েছে ৩২৭ কোটি ৬৮ লাখ টাকা।

এর আগে পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণের লক্ষ্যে নিজস্ব কারখানায় অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের সিদ্ধান্ত নেয় এপেক্স ট্যানারি। ডিএসইতে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, কারখানা প্রাঙ্গণেই ইটিপির পাশাপাশি একটি ‘ক্রোম রিকভারি প্ল্যান্ট’ ও একটি ‘সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ করা হবে।

প্রায় ১২ হাজার থেকে ১৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে বাস্তবায়িতব্য এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। প্ল্যান্টটি ‘ওয়েট ব্লু’ পর্যায় থেকে শুরু করে ‘ফিনিশড লেদার’ উৎপাদন পর্যন্ত প্রতিটি ধাপের বর্জ্য শোধনে সক্ষম হবে।

কোম্পানিটি জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের কঠোর পরিবেশগত মানদণ্ড পূরণের পাশাপাশি দেশের বিদ্যমান পরিবেশ আইন যথাযথভাবে পরিপালন নিশ্চিত করা হবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com