বিনোদন ডেস্ক:
দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরে আবারও ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে দুটি সিনেমার শুটিং নিয়ে কাজ করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। এরই মধ্যে জানা গেছে, নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। নির্মাতা জানিয়েছেন, ইতোমধ্যে ‘শিকার’-এর প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে এবং খুব শিগগিরই শুটিং শুরু হবে। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করছি আমরা।”
জানা গেছে, ওয়েব ফিল্মটির শুটিং হবে নেপালে। আগামী মার্চ মাসে পুরো ইউনিট নিয়ে সেখানে যাবেন নির্মাতা। সিনেমার বেশিরভাগ দৃশ্যই নেপালের বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে।
নির্মাতা ও সিনেমা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “কামরুজ্জামান রোমান খুবই মেধাবী নির্মাতা। গল্প ও নির্মাণ—দুটো ক্ষেত্রেই তিনি অনেক যত্ন নেন। গল্পটা যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা স্পষ্ট। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”
‘শিকার’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও বেশ কয়েকজন শিল্পীকে। ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে রেজা ফিল্মসের ব্যানারে।
এদিকে অপু বিশ্বাস বর্তমানে আরও দুটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। একটি হলো বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং অন্যটি কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’।