June 27, 2026, 9:38 am

এনবিআরের রাজস্ব ঘাটতি বেড়ে প্রায় ৪৬ হাজার কোটি টাকা

  • Update Time : Wednesday, January 21, 2026

নিজস্ব প্রতিবেদক:

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। নভেম্বর পর্যন্ত যেখানে ঘাটতি ছিল ২৪ হাজার ৪৭ কোটি ৫৫ লাখ টাকা, ডিসেম্বরে তা প্রায় দ্বিগুণ হয়ে যায়।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, ছয় মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা। এ সময়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি ৩৭ লাখ টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি ৩৭ লাখ টাকা। তবে একই সময়ে রাজস্ব আদায়ে এনবিআরের প্রবৃদ্ধি হয়েছে সোয়া ১৪ শতাংশ।

গত অর্থবছরের (২০২৪-২৫) জুলাই–ডিসেম্বর সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১ লাখ ৬২ হাজার ২০৯ কোটি ১২ লাখ টাকা।

এনবিআরের রাজস্ব আদায় সংক্রান্ত মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

খাতভিত্তিক হিসাবে, ছয় মাসে আয়কর থেকে আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি ২০ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৪০৫ কোটি ৫২ লাখ টাকা। ফলে আয়কর খাতে ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৩০ কোটি ২৫ লাখ টাকা।

শুল্ক বা কাস্টমস খাতে ৬৫ হাজার কোটি ৮৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ টাকা। এতে ঘাটতি হয়েছে ১২ হাজার ১৪০ কোটি ২৯ লাখ টাকা।

অন্যদিকে ভ্যাট খাতে আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি ২৪ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা। ফলে ভ্যাটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৫ কোটি ৭৬ লাখ টাকা।

এই সময়ে শুল্ক, আয়কর ও ভ্যাট খাতে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৮১ শতাংশ, ১৪ দশমিক ৬৭ শতাংশ ও ১৯ দশমিক ৯৭ শতাংশ।

একক মাস হিসেবেও ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর। ওই মাসে ৫১ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৬ হাজার ১৯ লাখ ৫ কোটি টাকা। ডিসেম্বরে রাজস্ব প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ২৫ শতাংশ।

চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com