June 27, 2026, 6:41 am

কড়াইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণের আশ্বাস দিলেন তারেক রহমান

  • Update Time : Wednesday, January 21, 2026

নিজস্ব প্রতিবেদক:

কড়াইল বস্তির বাসিন্দাদের জন্য মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা করতে সেখানে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই আশ্বাস দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। বক্তব্যে তিনি বলেন, বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে এবং অতীতে ক্ষমতায় থাকাকালে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দলটি সাধ্যমতো চেষ্টা করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কড়াইল এলাকায় বসবাসরত মানুষ দীর্ঘদিন ধরে নানা কষ্টের মধ্যে আছেন। এই সমস্যার স্থায়ী সমাধানে ধাপে ধাপে বহুতল ভবন নির্মাণ করা হবে। সেখানে বসবাসকারীদের নাম নিবন্ধন করে ছোট আকারের ফ্ল্যাট তৈরি করে সেগুলো সংশ্লিষ্টদের নামেই হস্তান্তরের পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বসবাসকারী ও স্থানীয় বাসিন্দারা যেন ঢাকা শহরের মতো এলাকায় স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই পান, সেটিই এই উদ্যোগের লক্ষ্য।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, কড়াইল এলাকার শিশুদের জন্য লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হবে। এলাকাভিত্তিক ক্লিনিক ও হাসপাতাল স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীদের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, আগের সরকারের সময় নারীদের বিনা খরচে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছিল। ভবিষ্যতে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলেন, কড়াইল এলাকার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনাসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com