আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার সাব্বাদি শহরের একটি কারাগার থেকে প্রায় ১ হাজার ৫০০ কয়েদি পালিয়ে গেছেন। কুর্দি নিয়ন্ত্রিত এই শহরের সাব্বাদি কারাগারে আইএসআইএস সংশ্লিষ্ট বন্দিরা আটক ছিলেন বলে জানিয়েছে কুর্দি ওয়েবসাইট রুদো।
কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মুখপাত্র ফরহাদ শামী জানান, সিরিয়ার সেনাবাহিনী সাব্বাদি শহরে অভিযান চালানোর পর কারাগার থেকে কয়েদিরা পালিয়ে যান।
এর আগে সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছিল, আইএসের যোদ্ধারা কারাগার থেকে পালিয়েছে, তবে ঠিক কতজন পালিয়েছে সে বিষয়ে তারা স্পষ্ট কোনো তথ্য দেয়নি। একই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, কুর্দি এসডিএফ এই পালিয়ে যাওয়ার ঘটনায় সহায়তা করেছে। তবে এসডিএফ এই অভিযোগ অস্বীকার করেছে।
গত কয়েকদিন ধরে কুর্দি নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চল ও শহরে ধারাবাহিক অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারা এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার উদ্যোগ নেন। এ লক্ষ্যে আলোচনা শুরু হলেও তা সফল হয়নি। পরবর্তীতে কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন অঞ্চলের দখল নিতে অভিযান শুরু করে সেনাবাহিনী।
এর মধ্যে সেনাবাহিনী কুর্দি নিয়ন্ত্রণাধীন বেশ কয়েকটি এলাকা পুনর্দখল করেছে। টানা কয়েকদিন সংঘর্ষের পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরিস্থিতি এখনো ভঙ্গুর বলে জানা গেছে।