নিজস্ব প্রতিবেদক:
মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি দেশীয় মোবাইল সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য উপকরণ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এনবিআর জানায়, পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানোর ফলে এ খাতে বিদ্যমান আমদানি শুল্ক প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। একইসঙ্গে দেশীয় মোবাইল সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে উপকরণ আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে, ফলে এ খাতে শুল্ক কমেছে প্রায় ৫০ শতাংশ।
এনবিআরের হিসাবে, নতুন শুল্ক কাঠামোর ফলে ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি আমদানিকৃত মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। আর একই মূল্যের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম প্রায় দেড় হাজার টাকা কমার সম্ভাবনা রয়েছে।
সরকার আশা করছে, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পে শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালে আসবে এবং ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের মূল্য ধরে রাখতে সরকারের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।