June 27, 2026, 9:40 am

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী আরাগচির

  • Update Time : Tuesday, January 13, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

সামরিক পদক্ষেপের হুমকির পর যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে ‘পরীক্ষা’ করতে চায়, তবে তেহরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আরাগচি বলেন, চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত রয়েছে।

আরাগচির দাবি, গত বছরের ১২ দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি শক্তিশালী ও বিস্তৃত। তিনি বলেন, ওয়াশিংটন যদি আবার সামরিক বিকল্প বেছে নিতে চায়, ইরান তার জবাব দিতে প্রস্তুত।

ইরানে গত প্রায় দুই সপ্তাহ ধরে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, তিনি আশা করেন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আলোচনার পথই বেছে নেবে। তবে একই সঙ্গে সতর্ক করে বলেন, কিছু পক্ষ ইসরায়েলের স্বার্থে ওয়াশিংটনকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।

সাক্ষাৎকারে তিনি বিক্ষোভ চলাকালে প্রাণহানির প্রসঙ্গ টেনে বলেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো বিক্ষোভকারীদের ভিড়ে ঢুকে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। ইরানের সাম্প্রতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে তেহরান।

পারমাণবিক আলোচনার প্রসঙ্গে আরাগচি বলেন, হুমকি ও জবরদস্তি ছাড়া আলোচনার টেবিলে বসতে ইরান প্রস্তুত। তবে তিনি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র সত্যিই ন্যায্য ও সুষ্ঠু আলোচনায় আগ্রহী কি না।

তিনি বলেন, ওয়াশিংটন যখন আন্তরিকভাবে আলোচনার জন্য প্রস্তুত হবে, তখন ইরান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com