ক্রীড়া প্রতিবেদক:
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) একাধিকবার চিঠি পাঠানো হলেও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক বক্তব্যকে আইসিসির আনুষ্ঠানিক জবাব হিসেবে বিবেচনা করা যাবে না বলে জানিয়েছে বিসিবি।
সোমবার বিকেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিসিবির অভিযোগের পর আইসিসির নিরাপত্তা দল তিনটি ঝুঁকির বিষয় চিহ্নিত করেছে। তবে এর কয়েক ঘণ্টা পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি স্পষ্ট করে জানায়, এটি আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, আসিফ নজরুল যে চিঠির কথা উল্লেখ করেছেন, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের অংশ ছিল।
বিসিবি আরও জানায়, এই চিঠিকে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা যাবে না।
বোর্ড জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভেন্যু নিয়ে তাদের উদ্বেগ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে এবং ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আইসিসির পক্ষ থেকে কোনো লিখিত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যায়নি।
বিসিবি জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।