বিনোদন ডেস্ক:
আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে বাংলাদেশের মোট ৫৮টি সিনেমা প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে ১৫টি পূর্ণদৈর্ঘ্য ও ৪৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা, যা ১১টি বিভাগে প্রদর্শিত হবে।
যদিও মূল প্রতিযোগিতা বিভাগ এশিয়ান কম্পিটিশনে বাংলাদেশের কোনো সিনেমা নেই, তবে দেশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরতে আলাদা সেকশন হিসেবে থাকছে বাংলাদেশ প্যানারোমা। এই বিভাগে প্রদর্শিত হবে ৯টি সিনেমা। এর মধ্যে উল্লেখযোগ্য সোহেল রানার নয়া মানুষ, তরুণ নির্মাতাদের চলচ্চিত্র উড়াল, বিপ্লব কুমার পালের ধামের গান, অনন্য প্রতীকের নয়া নোট এবং সুমন ধরের আগন্তুক। এ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আহমেদ হাসানের এখানে রাজনৈতিক আলাপ জরুরি—যা ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ প্যানারোমায় রয়েছে মনিরুল হকের দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল, জ্যাক মীরের দ্য স্টোরি অব আ রক এবং দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ তানিম নূরের আলোচিত সিনেমা উৎসব।
বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট
তরুণ নির্মাতাদের ১১টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট বিভাগ। নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে স্পাইট, ধ্যাৎ, সোলমেট, জন্ম থেকে জ্বলছি, যাত্রা বিরতি, হুনাসরি, বৈঠক, অন্তঃসার, সং ফ্রম দ্য সাউথ, হোয়াট ইফ এবং বিফোর দ্য এন্ড।
ওয়ার্ল্ড সিনেমা ও উইমেন সেকশন
ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রদর্শিত হবে ৪৯টি সিনেমা, যার মধ্যে বাংলাদেশের দুটি—আবদুস সামাদের শ্রাবণ জোৎস্নায় এবং শেখ আল মামুনের ড্রেইনড ড্রিম।
উইমেন সেকশনে নারী নির্মাতাদের ২৭টি সিনেমার সঙ্গে বাংলাদেশের পাঁচ নারী নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্থান পেয়েছে। এগুলো হলো গান, পটারি: দ্য ফরগটেন আর্ট, মারিয়ম, ঝরা পাতার চিঠি ও দ্য রোড টু মাই ফাদার।
অন্যান্য বিভাগে বাংলাদেশের সিনেমা
স্পিরিচুয়াল সেকশনে একমাত্র বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য হিসেবে নির্বাচিত হয়েছে ফজলে রাব্বির দ্য ইটারনাল জার্নি।
চিলড্রেন ফিল্ম সেকশনে রয়েছে শব্দের ওপারে ও পরিণাম।
শর্টস অ্যান্ড ইন্ডিপেনডেন্ট বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ১৭টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
এ ছাড়া ওপেনটি বায়োস্কোপ বিভাগে বাংলাদেশের ৪টি পূর্ণদৈর্ঘ্য ও ৭টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে জ্বলে জ্বলে তারা, ডট, বেহুলা দরদী ও বিশ্বাস করেন ভাই।
উৎসবের সূচি
আয়োজক সূত্র জানায়, ১০ জানুয়ারি বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী প্রদর্শনী হিসেবে দেখানো হবে এশিয়ান কম্পিটিশন বিভাগের চীনা সিনেমা দ্য জার্নি টু নো এন্ড।
১৮ জানুয়ারি পুরস্কার বিতরণী ও সেরা চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনব্যাপী এই উৎসব।
রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে।