June 27, 2026, 7:09 am

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ

  • Update Time : Monday, January 5, 2026

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সব খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কেকেআর দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা না থাকায় বাংলাদেশের জনগণ এতে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষাপটে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। এ সময় ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন তার বিরুদ্ধে বিক্ষোভ করে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইয়ের পক্ষ থেকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। পরে কেকেআর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে মুস্তাফিজ তাদের স্কোয়াডে নেই।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com