June 27, 2026, 9:44 am

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

  • Update Time : Tuesday, December 30, 2025

নিজস্ব প্রতিবেদক:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে। তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা দেশের রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করে। এসব বিবেচনায় সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল।

তিনি বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে দেশ বারবার অনুপ্রেরণা পেয়েছে। জাতি তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় দিকনির্দেশনা দিয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ দেশকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। বিশেষ করে মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা নারী শিক্ষার অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, রাজনৈতিক জীবনে খালেদা জিয়া একাধিক নির্বাচনে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন এবং ১৯৯১ সালে ক্ষমতায় এসে অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত শক্ত করার উদ্যোগ নেন।

ড. ইউনূস বলেন, পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়।

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তাঁর শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দেশবাসীকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার অনুরোধ করেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com