নিজস্ব প্রতিবেদক:
চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা যাচ্ছে। মাসটির প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২৭৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ২৭৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এক বছরে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।
সংশ্লিষ্টদের ধারণা, বর্তমান ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রাবাজারে শক্ত ভিত্তি তৈরি করবে।
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ব্যাংক খাতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক রোববার তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ কোটি ডলার কিনেছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ লেনদেনে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারিত হয় ১২২ টাকা ৩০ পয়সা।
বাংলাদেশ ব্যাংক জানায়, শুধু ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় ব্যাংক ৯২ কোটি ডলার কিনেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬ মিলিয়ন বা প্রায় ৩ দশমিক ০৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি দমনে সরকারি উদ্যোগ, প্রবাসী আয় প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৭৯ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৩৫৪ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ।