নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধর্মপ্রাণ ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, এই শুল্ক ছাড় আগামী ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
এনবিআর সূত্র জানায়, চলতি বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালায় সংশোধন আনা হয়েছে। এর ফলে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি গত বছর খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা এ বছরও বহাল রাখা হয়েছে।
আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য ছাড়ের ফলে আসন্ন রমজানে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে এবং বাজারদর সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড।