June 27, 2026, 7:18 am

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগ

  • Update Time : Friday, December 19, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদমাধ্যম—দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত একদল মানুষ প্রথমে প্রথম আলো কার্যালয়ে এবং পরে ডেইলি স্টার ভবনে হামলা চালায়।

সরেজমিনে দেখা যায়, রাতের দিকে কয়েকশ বিক্ষোভকারী কারওয়ান বাজারের সিএ ভবনে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করে। তারা ভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বিভিন্ন তলায় উঠে আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরে সেগুলো স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা পর্যন্ত ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে।

একই সময়ে পাশের ডেইলি স্টার সেন্টারেও হামলা হয়। বিক্ষোভকারীরা ভবনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও নথিপত্র বাইরে এনে অগ্নিসংযোগ করে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার সময় ভবনের ভেতরে থাকা অনেক সাংবাদিক ও কর্মচারী নিরাপত্তার জন্য ছাদ কিংবা নিরাপদ কক্ষে আশ্রয় নেন। ডেইলি স্টারের সাংবাদিক আহমেদ দিপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে পরিস্থিতির ভয়াবহতার কথা জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এলাকায় মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

বর্তমানে কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com