নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই শোক প্রকাশ করেন।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, তিনি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে জাতির সামনে হাজির হয়েছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর বেঁচে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি জানান, কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাঁকে এই মর্মান্তিক সংবাদটি অবহিত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান আল্লাহ যেন শহিদ হিসেবে কবুল করেন—এ দোয়া তিনি করেন।
হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, তাঁর প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভাষণে আরও জানানো হয়, শহিদ ওসমান হাদির স্ত্রী ও তাঁর একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।