June 27, 2026, 7:09 am

প্রয়োজনে ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে: প্রধান উপদেষ্টা

  • Update Time : Saturday, December 13, 2025

নিজস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতারা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, “সারা দেশ তার জন্য দোয়া করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে দেশের বাইরে, যেখানে প্রয়োজন হবে, সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা সরকার করবে।”

ওসমান হাদির বোন বলেন, ছোটবেলা থেকেই তিনি দেশপ্রেমিক ও বিপ্লবী মানসিকতার ছিলেন। বিদ্রোহী কবিতা তার প্রিয় ছিল এবং তিনি নিয়মিত আবৃত্তি করতেন। তিনি জানান, হাদির ১০ মাস বয়সী একটি সন্তান রয়েছে এবং পরিবার ও আন্দোলনের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “তার অনেক কাজ বাকি, তাকে বেঁচে থাকতে হবে। জুলাই বিপ্লবীদের রক্ষা করা না গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।”

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি জুলাই বিপ্লবের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং দিনরাত আন্দোলনের জন্য কাজ করতেন। তিনি হামলাকারীর জামিন প্রক্রিয়া নিয়েও তদন্তের দাবি জানান।

ইনকিলাব মঞ্চের আরেক নেতা ফাতেমা তাসনিম জুমা জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এই নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সাক্ষাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com