নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সূত্র।
গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে না ছিলেন লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম, যিনি সেই সময় কর্মস্থলে ছিলেন।
পুলিশ জানায়, লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি আঘাতের চিহ্ন এবং নাফিসার দেহে ৬টি গভীর ক্ষত পাওয়া গেছে—যা হত্যাকাণ্ডটিকে আরও নৃশংস করে তোলে।
মাত্র চার দিন আগে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেওয়া আয়েশাই শুরু থেকেই পুলিশের সন্দেহের তালিকার শীর্ষে ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।
পুলিশের ধারণা, হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিত; নৃশংসতার মাত্রা দেখে তদন্তকারীরা মনে করছেন এটি ‘প্রশিক্ষিত হাত’ বা চরম ক্ষোভের ফলও হতে পারে। এমন ভয়াবহ সুরতহাল সাম্প্রতিক বছরগুলোতে পুলিশ প্রায় দেখেনি বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।