June 27, 2026, 11:04 am

পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়াল, মৌসুম শেষে কেন বাড়ে দাম

  • Update Time : Saturday, December 6, 2025

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাজারে আবারও চড়া হয়েছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০–৩০ টাকা বেড়ে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০–১৬০ টাকায়। বাজারে আগাম নতুন পেঁয়াজ এখনো আসেনি এবং আমদানির অনুমতিও মেলেনি—ফলে সরবরাহ ঘাটতিতেই দামের উল্লম্ফন বলে জানিয়েছেন বিক্রেতারা।

শনিবার কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট ও উত্তরার হজ ক্যাম্পসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পুরোনো ভালো মানের পাবনার পেঁয়াজের পাল্লাপ্রতি দাম ৭৫০ টাকা, ফলে খুচরায় কেজিতে ১৪০–১৬০ টাকা।
কারওয়ান বাজারের কয়েকটি দোকানে আগাম পেঁয়াজ পাওয়া গেলেও দাম ১২০–১৩০ টাকায় ওঠানামা করছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী নীরব মিয়া জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর নতুন পেঁয়াজ বাজারে এলেই দাম কমে ৭০–৮০ টাকায় নেমে আসবে। প্রতিবছরই এ সময় দামে ওঠানামা থাকে। এবারে ভারতীয় আমদানি বন্ধ থাকায় বাজার আরও চাপে।

পাবনায় পরিস্থিতি

দেশের অন্যতম বড় পাইকারি বাজার সাঁথিয়ার বোয়ালমারীতে বৃহস্পতিবার–শুক্রবার হঠাৎ বাড়ে দাম।
শুক্রবার পাইকারিতে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয় ৪,৫০০–৪,৬০০ টাকা (কেজি ১১২–১১৫ টাকা), যেখানে বুধবার ছিল ৩,৪০০–৩,৫০০ টাকা।

আড়তদার রাজা হোসেন জানান, সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছিল। তবে শনিবার সরবরাহ বাড়ায় পাইকারি দাম নেমে ৩,৫০০ টাকায় এসেছে।

এদিকে ১০–১৫ দিনের মধ্যে বাজারে আসবে নতুন মুড়িকাটা পেঁয়াজ। দাম বাড়তে দেখে কিছু কৃষক আগেই অপুষ্ট পেঁয়াজ তুলে বাজারে এনেছেন, যা কেজিতে ১২০–১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এতে সরবরাহ বাড়ায় পুরোনো পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

নভেম্বর–ডিসেম্বরে পেঁয়াজের দাম কেন বাড়ে?

ট্যারিফ কমিশনের বিশ্লেষণে ৪টি মূল কারণ পাওয়া গেছে—

১. মধ্যস্বত্বভোগীদের প্রভাব

উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত বেশ কয়েকবার হাত বদলের প্রতিটি ধাপেই অতিরিক্ত মুনাফা যুক্ত হয়।

২. সংরক্ষণের ঘাটতি

সরকারি সংরক্ষণাগার না থাকায় কৃষকেরা নিজেরাই সংরক্ষণ করেন। জানুয়ারি–এপ্রিল সংরক্ষণ মৌসুম; এর বাইরে সংরক্ষণ দুর্বল হওয়ায় সরবরাহ কমে।

৩. মৌসুমের শেষ সময়

নভেম্বর–ডিসেম্বর পেঁয়াজ মৌসুমের শেষ পর্যায়, এ সময় কৃষকের ঘরে মজুত খুব কম থাকে—ফলে বাজারে সরবরাহ সংকট দেখা দেয়।

৪. অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি

গত মাসে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, মেহেরপুরসহ প্রধান উৎপাদক জেলাগুলোতে বেশি বৃষ্টি হওয়ায় আগাম পেঁয়াজের একাংশ নষ্ট হয়েছে। এতে বাজারে চাপ বেড়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com