June 27, 2026, 9:44 am

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডনে খালেদা জিয়ার যাত্রা পেছাল

  • Update Time : Friday, December 5, 2025

নিজস্ব প্রতিবেদক:

কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রা। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে আসছে না। ফলে তার বিদেশ যাত্রা কমপক্ষে দুই দিন পিছিয়ে গেল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর শারীরিক পরিস্থিতি উপযোগী থাকলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া রোববার লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারেন।

বৃহস্পতিবার রাত থেকেই তার লন্ডন যাত্রা ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছিল। প্রস্তুতি সম্পন্ন বলেও খবর মিলেছিল। তবে শুক্রবার সকালে পরিকল্পনার পরিবর্তন নিশ্চিত করেন বিএনপি মহাসচিব।

তিনি জানান, “কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আশা করছি শনিবার আসবে।” তিনি আরও বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই নির্ধারণ করবে তিনি কবে ফ্লাই করতে পারবেন।”

এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেলেও বৃহস্পতিবার রাতেই ঢাকা অভিমুখে রওনা দিয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ঢাকায় পৌঁছে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গেই দেখা করবেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সর্বসম্মত মতের ভিত্তিতে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরাও সরাসরি তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

তিনি বলেন, বিমানে যেকোনো জটিল পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। অতীতে তাকে বিদেশে চিকিৎসার জন্য বিএনপি সরকারের কাছে বহুবার অনুমতি চাইলেও তা মঞ্জুর হয়নি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com