June 27, 2026, 6:56 am

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • Update Time : Sunday, November 16, 2025

বিনোদন ডেস্ক:

পারিবারিক ব্যবসায় পার্টনার করার নাম করে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং বাদীকে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

আদালত সূত্র জানায়, মামলাটিতে আসামিদের হাজিরার দিন ধার্য ছিল গত ১০ নভেম্বর। কিন্তু তারা আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ব্যবহার করে মেহজাবীন তাকে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন। এভাবে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। পরে ব্যবসা শুরু না করায় বাদী টাকা ফেরত চাইলে সময়ক্ষেপণ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি বাদী পাওনা টাকা চাইলে তাকে ১৬ মার্চ হাতিরঝিলে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরও কয়েকজন তাকে গালিগালাজ করেন এবং হুমকি দেন—তাদের বাসার সামনে গেলে প্রাণনাশ করা হবে।

ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com