ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়ায় শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন চারদিনের ছুটি (৭-১০ সেপ্টেম্বর) ঘোষণা করেছিল। তবে এতদিনের ছুটিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করতে পারেন—এমন আশঙ্কায় অনেক প্রার্থী ছুটি বাতিল বা কমানোর দাবি জানান। এমনকি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছিলেন কেউ কেউ।
শিক্ষার্থীদের দাবির মুখে প্রথমে ছুটি একদিন কমিয়ে তিনদিন করা হয়, পরে আবার শুধুমাত্র ভোটের দিন ৯ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা আসে।
তবে ভোট গণনা দীর্ঘায়িত হওয়ায় এবং ফলাফল প্রকাশ এখনো চলমান থাকায় বুধবারও ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়মিত একাডেমিক কার্যক্রমে ফেরা হবে।