নেপালে চলমান সহিংস আন্দোলনের কারণে দেশটিতে আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের কাঠমান্ডু ত্যাগ করার কথা থাকলেও বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পারেননি খেলোয়াড়রা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দল বর্তমানে হোটেলে নিরাপদে অবস্থান করছে, এবং যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সম্প্রতি নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি সফলভাবে মাঠে গড়ালেও, গতকাল নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয় দেশজুড়ে উত্তাল আন্দোলনের কারণে। পরিস্থিতির অবনতি হওয়ায় ফুটবল দলের ফ্লাইটও আগেভাগেই নির্ধারণ করা হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিমানবন্দরে যাওয়া সম্ভব হয়নি।
দলের সঙ্গে থাকা বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন বলেন, “রাস্তায় আন্দোলন চলছে ব্যাপকভাবে। বাংলাদেশ দলকে প্রটোকশন দিয়ে বের করতে পারছে না আনফা (নেপাল ফুটবল ফেডারেশন)। আবার শোনা যাচ্ছে এয়ারপোর্টও বন্ধ।” তিনি আরও নিশ্চিত করেন, ফুটবলাররা হোটেলে নিরাপদে বিশ্রাম করছেন।
খেলোয়াড়দের নিরাপদে ফিরিয়ে আনতে নেপাল ফুটবল ফেডারেশন ও কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সুযোগ পেলেই দলের ফ্লাইটের ব্যবস্থা করা হবে।
নেপালে চলমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে জেনারেশন জেড (Gen Z) তরুণ প্রজন্ম। তারা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণ, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে ইতোমধ্যে একাধিক প্রাণহানি ঘটেছে। আজই বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।