June 27, 2026, 7:27 am

কাজাখস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

  • Update Time : Thursday, September 4, 2025

রাজগিরে এশিয়া কাপ হকির পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের দল। এই জয়ে হকি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে বাংলাদেশের।

আগামী রোববার (৭ সেপ্টেম্বর) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে জাপান, যারা চাইনিজ তাইপেকে ২-০ গোলে পরাজিত করেছে। ২০২২ সালে আগের আসরেও ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবার জাপানকে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নেবে তারা।

তবে হেরে গেলেও বিশ্বকাপ বাছাইয়ের দরজা একেবারে বন্ধ হয়ে যাবে না। সে ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে আসর থেকে সরে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি প্লে-অফ সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। সেই সিরিজ জিতলেই মিলবে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট।

কাজাখস্তানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। ২৩ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

হাফটাইমের ঠিক আগে ওপেন প্লে থেকে স্কোরলাইন ৩-০ করেন রোমান সরকার। বিরতির পর ৩ মিনিটেই আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন রোমান। এরপর ৩৪ মিনিটে তায়েব আলী ওপেন প্লে থেকে গোল করে স্কোর ৫-০ করেন। কাজাখস্তানের পক্ষে ৩৮ মিনিটে একটি সান্ত্বনাসূচক গোল করেন আলতিনবেক আইতকালিয়েভ।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ইন্দোনেশিয়ায় এএইচএফ কাপে কাজাখস্তানকে দুইবার (৩-০ ও ৫-১) হারিয়েছিল বাংলাদেশ। ছয় মাস পর আবারও বড় ব্যবধানে হারাল সেই প্রতিপক্ষকে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com