June 27, 2026, 4:01 am

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • Update Time : Friday, May 29, 2026

ক্রীড়া প্রতিবেদক:

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রত্যাশিত জয় পেলেও সহজে ছাড় দেয়নি মালদ্বীপ। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লড়াই করে ৪-২ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১১-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল মালদ্বীপ। তাই বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের আশা করেছিলেন সমর্থকরা। তবে মাঠের লড়াইয়ে মালদ্বীপ চমক দেখিয়ে বাংলাদেশের রক্ষণভাগকে বেশ কয়েকবার বিপদে ফেলেছে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম মিনিটেই সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা সিদ্দিকীর গোলে লিড নেয় লাল-সবুজের দল। এরপর ৩৪ মিনিটে উমহেলার গোলে ব্যবধান ২-০ করে বাংলাদেশ।

তবে কোচ পিটার বাটলারের হাই-লাইন ডিফেন্স কৌশলের সুযোগ নিয়ে ম্যাচে ফেরে মালদ্বীপ। প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশের ডিফেন্ডারদের পেছনে ফেলে নুরা একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান কমান। গোলরক্ষক মিলির মাথার ওপর দিয়ে নেওয়া শটে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মালদ্বীপ। ৫৭ মিনিটে ফাজলার শট গোলরক্ষক মিলি ঠিকভাবে তালুবন্দি করতে না পারায় সমতায় ফেরে দলটি।

হঠাৎ চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে মাত্র ছয় মিনিট পর মালদ্বীপের গোলরক্ষকের ভুলে আবার এগিয়ে যায় সাবিনারা। গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে আসা বলে সুরভি আকন্দ প্রীতি সহজেই জাল খুঁজে নেন।

এরপরও আক্রমণ চালিয়ে যায় মালদ্বীপ। বাংলাদেশের রক্ষণভাগকে কয়েকবার কাঁপিয়ে দেয় তারা। অন্যদিকে ঋতুপর্ণা চাকমা দূরপাল্লার একাধিক শট নিলেও গোলের দেখা পাচ্ছিলেন না।

অবশেষে ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকুর গোল বাংলাদেশকে স্বস্তি এনে দেয়। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে বাংলাদেশ ও ভারত উভয় দলই এক ম্যাচে জয় পেয়ে তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ।

এখন গ্রুপসেরা নির্ধারণে আগামী ৩১ মে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সেই ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com