June 27, 2026, 6:10 am

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিংমল

  • Update Time : Tuesday, May 12, 2026

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে রাজধানীসহ সারা দেশে শপিংমল, মার্কেট ও দোকানপাটের ব্যবসায়িক সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনসাধারণের কেনাকাটার সুবিধা বিবেচনায় নিয়ে এখন থেকে ঈদ পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা কার্যকর ছিল। তবে ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতাদের বাড়তি চাপ ও কেনাকাটার সুবিধা নিশ্চিত করতে ১২ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে রাত ১০টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানোর উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ সামনে রেখে সাধারণত রাতের দিকেই বাজারে ক্রেতার চাপ বেশি থাকে। সময় বাড়ানোর সিদ্ধান্তে একদিকে যেমন ব্যবসায়ীরা বাড়তি বিক্রির সুযোগ পাবেন, অন্যদিকে ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।

এদিকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, বাড়তি সময় দোকানপাট খোলা থাকায় বিদ্যুতের চাহিদাও কিছুটা বাড়তে পারে। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। ঈদকে ঘিরে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে কেনাকাটার আমেজ শুরু হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com