নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে কৃষকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে শহরের শহীদ মারুফ স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শহীদ স্মৃতি পৌর উদ্যান-এ কৃষি মেলার উদ্বোধন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি টাঙ্গাইল জেলায় তারেক রহমান-এর প্রথম সফর হওয়ায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচসুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষিবিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।
সরকারের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের পেশাগত স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা। আগামী চার বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো কর্মসূচির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা।
এর আগে সোমবার অনুষ্ঠানস্থল পরিদর্শনকালে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সাংবাদিকদের জানান, টাঙ্গাইলসহ দেশের ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং কার্যক্রম শুরু হবে। এরপর ধাপে ধাপে পাইলটিং এবং পরবর্তীতে বড় পরিসরে কার্ড বিতরণ করা হবে।
তিনি আরও জানান, আগামী চার বছরের মধ্যেই সারা দেশে কৃষক কার্ড বিতরণ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের।