বিনোদন ডেস্ক:
সংগীতজগতের জনপ্রিয় দুই তারকা প্রীতম হাসান ও জেফার রহমান এবার প্রথমবারের মতো জুটি বেঁধে হাজির হচ্ছেন পর্দায়। তাদের অভিনীত প্রথম ওয়েব ফিল্ম তুমি আমি শুধু মুক্তি পাচ্ছে আসন্ন বাংলা নববর্ষে।
নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব ফিল্মটি আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম Binge-এ মুক্তি পাবে। ইতোমধ্যে টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে, আর বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশ পাচ্ছে এর ট্রেলার।
জানা গেছে, প্রায় এক বছর আগেই ফিল্মটির শুটিং শেষ হয়। তবে কারিগরি জটিলতার কারণে এতদিন মুক্তি আটকে ছিল। অবশেষে সব বাধা পেরিয়ে দর্শকের সামনে আসছে বহুল প্রতীক্ষিত এই প্রজেক্ট।
গল্প প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন জানান, তুমি আমি শুধু একটি স্বাধীনচেতা মেয়ের জীবনকে কেন্দ্র করে নির্মিত। যে নিজের ইচ্ছা, স্বপ্ন ও সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে জীবন গড়ে তুলতে চায়। কিন্তু তার এই স্বাধীন মনোভাবই একসময় সম্পর্ক ও বাস্তব জীবনে নানা টানাপোড়েন তৈরি করে। সেই আবেগ, দ্বন্দ্ব ও সম্পর্কের জটিলতা নিয়েই এগিয়েছে গল্পের কাহিনি।
যদিও প্রীতম হাসান ও জেফার রহমান এই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন, তবে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে তাদের কাজের অভিজ্ঞতা আগে থেকেই রয়েছে। প্রীতম এর আগে তার পরিচালিত ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘ক্যাকটাস’-এ অভিনয় করেছেন। অন্যদিকে জেফার রহমানকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে।
উল্লেখ্য, শিহাব শাহীন এই ওয়েব ফিল্মটির পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও নিজেই লিখেছেন। সব মিলিয়ে সংগীতজগতের দুই পরিচিত মুখের অভিনয় অভিষেক ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও প্রত্যাশা।