June 27, 2026, 6:09 am

ঢাকায় ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি, দুর্ভোগে নগরবাসী

  • Update Time : Wednesday, April 1, 2026

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাতে হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে জনজীবনে বিঘ্ন ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই আকাশে ঘন মেঘ জমতে শুরু করে, পরে রাত সাড়ে ৮টার দিকে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি ও শিলাপাত।

শহরের বিভিন্ন এলাকা—মগবাজার, গুলিস্তান, পল্টন, সচিবালয়, রামপুরা ও বাড্ডাসহ অনেক জায়গায় মুষলধারে বৃষ্টি হয়। কোথাও কোথাও শিলাবৃষ্টির তীব্রতাও ছিল উল্লেখযোগ্য, যা পথচারী ও যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিস শেষে বাসায় ফেরা মানুষজন। অনেকেই পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই বৃষ্টির কবলে পড়ে যান, ফলে সড়কে যানজট ও দুর্ভোগ বেড়ে যায়।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুম শুরুর আগে দেশে এ ধরনের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি স্বাভাবিক ঘটনা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময় আবহাওয়ার এমন আচরণ ঋতুগত পরিবর্তনেরই অংশ।

সংস্থাটি আরও পূর্বাভাসে জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ ঢাকার কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমন পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে ঝড়ের সময় খোলা স্থানে না থাকা এবং নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com