মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম (গার্ড অব অনার) প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে হৃদয়স্পর্শী করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
পরবর্তীতে, মন্ত্রিসভার সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারম্যান হিসেবেও তারেক রহমান স্মৃতিসৌধে আরও দুটি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এই রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে জাতি আবারও গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করল দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর সন্তানদের।