June 27, 2026, 6:08 am

ইসরায়েলে ইরানের মিসাইল হামলা, শতাধিক আহত

  • Update Time : Sunday, March 22, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইসরায়েলের দিমোনা ও আরদ শহর লক্ষ্য করে শনিবার মধ্যরাতে শক্তিশালী মিসাইল হামলা চালানো হয়। এর মধ্যে শুধুমাত্র আরদ এলাকাতেই আহত হয়েছেন অন্তত ৮৪ জন। হামলার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, উচ্চগতিতে ছুটে আসা একটি মিসাইল বিস্ফোরণের মাধ্যমে মাটিতে আছড়ে পড়ছে, যার ফলে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার পরপরই ইসরায়েল-এর দক্ষিণাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড নতুন নির্দেশনা জারি করে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৫০ জনের বেশি মানুষ একসঙ্গে জমায়েত হতে পারবেন না।

এছাড়া অফিস-আদালত খোলা রাখার ক্ষেত্রেও শর্ত আরোপ করা হয়েছে। বলা হয়েছে, কেবলমাত্র বোমা শেল্টার সুবিধা থাকলে প্রতিষ্ঠানগুলো চালু রাখা যাবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশে শেল্টার সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা কার্যক্রমেও প্রভাব পড়েছে এই হামলার। নিরাপত্তা বিবেচনায় রোববার ও সোমবার—দুই দিন দেশের দক্ষিণাঞ্চলের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ হামলা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে উদ্বেগ বাড়ছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক মহল, এবং যেকোনো সময় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com