June 27, 2026, 6:08 am

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত, আহত প্রায় ১,৮০০

  • Update Time : Friday, March 13, 2026

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত ১০ দিনে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

একই সময়ে আহত হয়েছেন আরও ১ হাজার ৭৭৪ জন। আহতদের মধ্যে ৩২৮ জন নারী, ৩০৪ জন শিশু এবং ৪৫ জন স্বাস্থ্যকর্মী আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ২ মার্চের পর থেকে প্রায় প্রতিদিনই লেবাননের বিভিন্ন অঞ্চলে বিমান অভিযান চালাচ্ছে ইসরায়েল। এসব হামলায় আবাসিক এলাকা, অবকাঠামো এবং বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এই উত্তেজনার সূত্রপাত ঘটে এর কয়েকদিন আগে। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরদিন, ২ মার্চ ইরানের প্রতি সংহতি জানিয়ে লেবাননভিত্তিক মুসলিম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালায়।

রকেট হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল ডিফেন্স ফোর্স–এর বিভিন্ন স্থাপনা। এর পরপরই লেবাননের ভেতরে বিমান অভিযান শুরু করে ইসরায়েল ডিফেন্স ফোর্স, যা এখনও অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার প্রভাব এখন সরাসরি লেবানন-ইসরায়েল সীমান্তেও ছড়িয়ে পড়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কাও বাড়ছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by Duronto Bangla
Theme Developed BY ThemesBazar.Com