নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে তারা ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি বিবেচনায় দুবাই-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে প্রথম বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৭টা ১১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। ফ্লাইটটিতে থাকা ৩৭৮ জন যাত্রী নিরাপদে দেশে ফিরেছেন।
তিনি আরও জানান, দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে একই বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টায় দুবাই থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।
বিশেষ ফ্লাইটগুলো পরিচালনার জন্য এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। বৃহৎ ধারণক্ষমতার এই উড়োজাহাজের মাধ্যমে স্বল্প সময়ে বেশি সংখ্যক যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাড়াও Emirates এবং Air India-সহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
ভ্রমণের ক্ষেত্রে যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষের পথে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রয়োজনে আরও বিশেষ ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।